ভূমিকা
সিরিজের প্রথম পর্বে আমরা খ্রিস্টীয় ধর্মতত্ত্বে ‘প্যাট্রন সেইন্ট’ ধারণার উৎস, এর ধর্মতাত্ত্বিক কাঠামো এবং তুলনামূলক ধর্মতত্ত্বে এই ধারণাটি অন্য ধর্মীয় ঐতিহ্যে প্রয়োগের সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছি। সেখানে ব্যাখ্যা করা হয়েছে, খ্রিস্টীয় অর্থে ‘প্যাট্রন সেইন্ট’ একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ধারণা। এর সঙ্গে যুক্ত রয়েছে ক্যাননাইজেশন বা সাধু হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রক্রিয়া, সৃষ্টি থেকে পরম স্রষ্টা পর্যন্ত সেইন্টদের মধ্যস্থতা (intercession) এবং ‘Communion of Saints’-এর ধর্মতাত্ত্বিক ধারণা। সুফি ঐতিহ্যে ক্যাননাইজেশনের সমতুল্য কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি-ব্যবস্থা নেই। ফলে কোনো সুফি/অলি-কে ‘প্যাট্রন সেইন্ট’ বলা হলে তাঁকে খ্রিস্টীয় অর্থে ‘সেইন্ট’ হিসেবে ঘোষণা করা হচ্ছে না। বরং এখানে শব্দটির ব্যবহার একটি তুলনামূলক ও বিশ্লেষণী পরিভাষা (Comparative and Analytical Terminology) হিসেবে। অর্থাৎ, কোনো সুফি/অলির সঙ্গে যখন একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনগোষ্ঠী, শহর কিংবা পেশাজীবী সম্প্রদায়ের দীর্ঘস্থায়ী ও প্রাতিষ্ঠানিকভাবে দৃশ্যমান সম্পর্ক তৈরি হয়, তিনি সেই সমাজের ধর্মীয়-সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেন এবং একপ্রকার আধ্যাত্মিক অভিভাবকত্বের লক্ষ্মণ পাওয়া যায়, তখন তাঁর ভূমিকার প্রসঙ্গে ‘প্যাট্রন সেইন্ট’র কার্যগত (functional) তুলনা করা যেতে পারে।
এই পর্বে আমরা এই তুলনামূলক কাঠামোটি প্রয়োগ করব ভারত-বাংলা উপমহাদেশের প্রখ্যাত সুফি হজরত শাহজালালের ক্ষেত্রে। সিলেটের ধর্মীয়, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনে হযরত শাহজালালের বিচরণ কেবল ধর্মের প্রচার, ধ্যানসাধনা, দরবেশী যাপন বা লড়াই সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কালের আবর্তে তাঁর নাম সিলেটের আঞ্চলিক পরিচয়, ধর্মীয় সংস্কৃতি এবং জনজীবনের সঙ্গে অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাঁর দরগাহ আজও সমগ্র বাংলার গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। একইসঙ্গে ‘শাহজালালের সিলেট’ পরিচয়টি এই ভূখণ্ডের ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে যুক্ত। তবে এই দাবিকে বিশ্লেষণ করতে হলে প্রথমেই একটি প্রশ্ন নির্ধারণ করা প্রয়োজন: কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো সুফি/অলিকে তুলনামূলক অর্থে ‘প্যাট্রন সেইন্ট’ বলা যেতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কয়েকটি বিশ্লেষণী মানদণ্ড বিবেচনা করব, কোনো নির্দিষ্ট ভূখণ্ডের সঙ্গে অলির সম্পর্ক, তাঁর মহত্ত্ব ও মর্যাদার সামাজিক স্থায়িত্ব, স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয় জীবনে তাঁর উপস্থিতি, তাঁর দরগাহকে কেন্দ্র করে গড়ে ওঠা জিয়ারত-সংস্কৃতি, এবং কোনো অঞ্চল বা সম্প্রদায়ের পরিচয়ের সঙ্গে তাঁর নামের দীর্ঘস্থায়ী সংযোগ। এই মানদণ্ডগুলো কেবল হযরত শাহজালালের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। এগুলোর ব্যবহার বাংলা অঞ্চলের অন্যান্য সুফি, যেমন হযরত খানজাহান আলী, শাহ মখদুম রূপোশ, পীর বদর আউলিয়া, শাহ সুলতান বলখী কিংবা নানা প্রান্তের পীর ও অলির ক্ষেত্রেও তুলনামূলকভাবে আলোচনা করা সম্ভব।
‘প্যাট্রন সেইন্ট’র বৈশিষ্ট্য
কোনো সুফি/অলিকে তুলনামূলক অর্থে ‘প্যাট্রন সেইন্ট’ হিসেবে চিহ্নিত করার আগে একটি বিষয় স্পষ্ট করা জরুরি যে, প্যাট্রন সেইন্ট দাবিটি কোনো একক বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্ধারিত পরিচয় নয়। বরং একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনগোষ্ঠী বা সামাজিক জীবনের সঙ্গে একজন সুফির দীর্ঘস্থায়ী সম্পর্কের কয়েকটি বৈশিষ্ট্য একত্রে বিবেচনা করতে হয়। এই আলোচনায় চারটি মৌলিক বৈশিষ্ট্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্যসমূহের পারস্পরিক সম্পর্ক বিবেচনা করে একটি তুলনামূলক কাঠামো তৈরি করা যায়। এর মাধ্যমে কোনো সুফির সামাজিক-ধর্মীয় প্রভাবকে সহজেই বোঝা সম্ভব । এই কাঠামো স্রেফ হযরত শাহজালালের ক্ষেত্রেই নয়, বাংলার অন্যান্য সুফিদের ঘিরে গড়ে ওঠা আঞ্চলিক ঐতিহ্য ও ধর্মীয়-সাংস্কৃতিক পরিচয় বিশ্লেষণেও প্রয়োগ করা যেতে পারে ।
১. নির্দিষ্ট ভূখণ্ডের সঙ্গে সুফির ঐতিহাসিক সম্পর্ক: প্রথম বৈশিষ্ট্য হলো কোনো সুফির সঙ্গে একটি নির্দিষ্ট শহর বা অঞ্চলের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক। অর্থাৎ একজন সাধকের নাম যখন কোনো ভূখণ্ডের ইতিহাস, পরিচয় ও জনস্মৃতির সঙ্গে এতই ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে যায় যে, অঞ্চলটির ধর্মীয় বা সাংস্কৃতিক ইতিহাস আলোচনা করতে গেলে তাঁর প্রসঙ্গ অনিবার্য হয়ে ওঠে। কখনো কখনো এই সম্পর্ক স্থাননাম বা আঞ্চলিক পরিচয়ের মধ্যেও প্রকাশ পেতে পারে। সাধকের নাম শুধু কোনো নির্দিষ্ট মাজার-দরগাহের সাথে নয়, বরং বৃহত্তর ভূখণ্ডের পরিচয়ের সঙ্গেও যুক্ত হয়ে যায়। পূর্বে আলোচিত খ্রিস্টীয় ঐতিহ্যে নির্দিষ্ট সাধক ও নির্দিষ্ট দেশ/অঞ্চলের মধ্যে যে ধরনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হয়েছে, তুলনামূলকভাবে সুফি ঐতিহ্যেও কিছু ক্ষেত্রে তার কার্যগত সাদৃশ্য দেখা যায়। এখানে প্রশ্ন উত্থাপিত হতে পারে, একজন সুফি-সাধকের নাম-পরিচয়-জীবনেতিহাস কীভাবে একটি নির্দিষ্ট ভূখণ্ডের ঐতিহাসিক পরিচয়ের অংশ হয়ে উঠতে পারে। সিরিজের পরবর্তী আলোচনাগুলোতে উপযুক্ত উদাহরণ ও প্রমাণ-সহ প্রশ্নটির জবাব মিলবে।
২. মাজারকেন্দ্রিক ‘পবিত্র’ ভূগোল[1] (sacred geography) ও ধর্মীয় আচার: দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, সাধকের মাজার-দরগাহকেন্দ্রিক পবিত্র স্থানটির বিকাশ। কোনো সাধকের সমাধি যখন কেবল সাধারণ কবর হিসেবে সীমাবদ্ধ না থেকে জিয়ারত, ওরস, মানত, দোয়া এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের কেন্দ্র হয়ে ওঠে, তখন সেই স্থানটি স্থানীয় ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। এই প্রক্রিয়ায় মাজার হয়ে উঠতে পারে জনসাধারণের সামাজিক মিলনস্থল। বাৎসরিক ওরস বা অন্যান্য আচার পালনের মাধ্যমে বিভিন্ন প্রজন্মের মানুষ একই স্থান ও ঐতিহ্যের সঙ্গে পুনরায় যুক্ত হয়। ফলে মাজার এখানে সমাজের নানা স্তর-প্রজন্মের জনসাধারণের মধ্যে স্মৃতি-রীতি-যাপনে চলমান একটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়। কিছু ক্ষেত্রে মাজারের সঙ্গে নির্দিষ্ট প্রাণী, বৃক্ষ, জলাশয় বা অন্যান্য প্রাকৃতিক উপাদান সম্পর্কেও পবিত্রতার ধারণা তৈরি হতে পারে। যদি এসব বিশ্বাস দীর্ঘ সময় ধরে সামাজিক আচরণ, সংরক্ষণ বা বিশেষ আচারকে প্রভাবিত করে, তবেই তা ‘পবিত্র ভূগোল’ ধারণাটির অন্তর্ভুক্ত আরও একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়। তবে এ ধরনের বিশ্বাসের ধর্মতাত্ত্বিক মর্যাদা এবং সামাজিক গ্রহণযোগ্যতা মুসলিম সম্প্রদায়ের সকল চিন্তাধারায় একমুখী নয়, তাই এগুলোকে সংশ্লিষ্ট লোকবিশ্বাস বা আঞ্চলিক ধর্মীয় সংস্কৃতির অংশ হিসেবে আলাদাভাবে চিহ্নিত করা প্রয়োজন।
৩. সুরক্ষামূলক বা মধ্যস্থতামূলক কার্যসম্পাদনের লোকবিশ্বাস: তৃতীয় বৈশিষ্ট্য হলো, কোনো সুফিকে নির্দিষ্ট পেশা, জনগোষ্ঠী বা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বিশেষভাবে যুক্ত করে দেখার প্রবণতা। খ্রিস্টীয় প্যাট্রন সেইন্ট ধারণায় যেমন কোনো কোনো সাধুকে নির্দিষ্ট পেশা বা জীবন-পরিস্থিতির রক্ষাকর্তা হিসেবে বিবেচনা করা হয়, কিছু সুফি ঐতিহ্যেও অনুরূপ সামাজিক বিশ্বাসের দেখা মেলে। কোনো অঞ্চলে কোনো অলি জেলে, মাঝি, কৃষক, নৌযাত্রী কিংবা অন্য কোনো পেশাজীবী গোষ্ঠীর “আধ্যাত্মিক অভিভাবক/ রক্ষাকারী পীর” হিসেবে পরিচিত হতে পারেন। একইভাবে নদী, সমুদ্র, বন বা অন্য কোনো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাঁর নাম, পবিত্রতা ও ঐতিহ্যের ধারণা যুক্ত হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখা দরকার। ইসলামী একত্ববাদী দৃষ্টিকোণ থেকে, অলি নিজস্ব বা স্বাধীন ঐশ্বরিক ক্ষমতার অধিকারী– এমন ধারণা ইসলামের মূলধারার ধর্মতত্ত্বে গ্রহণযোগ্য নয়। ফলে কোনো অলির ‘সুরক্ষাকারী’ ভূমিকার প্রচলিত বিশ্বাসকে সরাসরি ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে না দেখে/ ব্যাখ্যা না করে, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর লোকবিশ্বাস, ভক্তি-সংস্কৃতি ও ধর্মীয় অনুশীলন হিসেবে বিশ্লেষণ করা অধিক উপযুক্ত। এসব বিশ্বাসের বৈধতা ও ব্যাখ্যা নিয়ে মুসলিম সমাজের ভেতরেও মতভেদ রয়েছে।
৪. বহুমাত্রিক পটপরিবর্তনের মধ্যে প্রজন্মান্তরে টিকে থাকা সামাজিক স্মৃতি (Collective Memory): চতুর্থ বৈশিষ্ট্য হলো, রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের মধ্যেও কোনো সাধকের ঐতিহ্য, মহত্ত্ব ও মর্যাদার ধারাবাহিকতা বজায় থাকা। অর্থাৎ কোনো সুফির প্রতি জনসাধারণের ভক্তি ও সামাজিক শ্রদ্ধা যদি একটি নির্দিষ্ট শাসক, রাজবংশ বা রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সীমাবদ্ধ না থেকে পরবর্তী বিভিন্ন রাজনৈতিক পর্যায়েও টিকে থাকা। তাতেই ওই সুফি সাধকের সামাজিক স্মৃতি (Collective Memory) কতটা গভীর ও দীর্ঘস্থায়ী, তা উপলব্ধি করা যায়। তবে ‘ধারাবাহিক স্বীকৃতি/প্রভাব বজায়’ বলতে সবসময় একই ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকে বোঝায় না, বরং বরং বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে যেমন লোকবিশ্বাস, মাজারকেন্দ্রিক আচার, সামাজিক রীতিনীতির মাধ্যমে তাঁর ঐতিহ্য ও মর্যাদা টিকে থাকতে পারে। তাই এই বৈশিষ্ট্য চিহ্নিতকরণের ক্ষেত্রে উক্ত সাধক বা দরগার প্রতিটি ঐতিহাসিক পর্যায়কে তার নিজস্ব উৎসের ভিত্তিতে পরীক্ষণ/যাচাই-বাছাইকরণ জরুরি।
উল্লেখ্য যে, বর্ণিত চারটি বৈশিষ্ট্যকে কোনো কঠোর বা আবশ্যিক ‘চেকলিস্ট’ হিসেবে দেখা উচিত নয়। তুলনামূলক গবেষণায় এগুলো বরং বিশ্লেষণী সূচক হিসেবে কাজ করবে। কোনো সুফির ক্ষেত্রে চারটিই একই মাত্রায় উপস্থিত নাও থাকতে পারে। কোথাও ভূখণ্ডের সঙ্গে সম্পর্কটি বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, কোথাও মাজারকেন্দ্রিক আচার, আবার কোথাও নির্দিষ্ট জনগোষ্ঠীর লোকবিশ্বাস। এই কাঠামোর আলোকে হজরত শাহজালালের ক্ষেত্রে মূল অনুসন্ধান হবে– উপরের বৈশিষ্ট্যগুলো তাঁর জীবন, মাজার, সিলেটের সামাজিক ইতিহাস এবং তাঁকে ঘিরে গড়ে ওঠা জনস্মৃতিতে কতটা এবং কীভাবে উপস্থিত? পরবর্তী আলোচনায় ঐতিহাসিক দলিল, ভ্রমণকাহিনি, শিলালিপি, ঔপনিবেশিক নথিপত্র এবং হ্যাজিওগ্রাফি ও লোকঐতিহ্যের বিভিন্ন উৎসকে পৃথকভাবে পর্যালোচনা করে এই প্রশ্নের উত্তর তালাশ করা হবে।
সিলেটের প্যাট্রন সেইন্ট: হযরত শাহজালাল মুজাররদ ইয়ামেনি
হজরত শাহজালাল প্রসঙ্গে ‘Patron Saint’ অভিধার ব্যবহার একেবারে নতুন নয়। সম্ভবত জেমস ওয়াইজই সর্বপ্রথম ১৮৭৩ সালে Journal of the Asiatic Society of Bengal-এ প্রকাশিত একটি টীকার শিরোনামে স্পষ্টভাবে তাঁকে “The Patron Saint of Silhat” হিসেবে উল্লেখ করেন।[2] সৈয়দ মুর্তাজা আলীও সিলেটের ফৌজদারদের কালপঞ্জিতে একই বিশেষণ ব্যবহার করেছেন।[3] আবার সিলেটের ব্রিটিশ সুপারভাইজার রবার্ট লিন্ডসের স্মৃতিকথায় নিয়োগপ্রাপ্ত নতুন কর্মকর্তাদের ‘tutelar saint’ হজরত শাহজালাল’র মাজার জিয়ারতে গিয়ে শ্রদ্ধা জানানোর রীতি ছিল বলে উল্লেখ পাওয়া যায়।[4] এছাড়া শ্রীরজনীরঞ্জন দেবও তাঁর শাহাজলাল বা শ্রীহট্টে মুসলমান (১৯১০) গ্রন্থে শাহজালালকে “শ্রীহট্ট বিজসী” ও “শ্রীহট্টের সাধক গুরু (Patron Saint)” হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।[5] এ-সকল অভিধা ব্যবহারে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক ধর্মীয় স্বীকৃতির দাবি ছিল না, বরং বর্ণনামূলকভাবে অভিধাটির ব্যবহার হয়েছে। বর্তমান প্রবন্ধে সেই বর্ণনামূলক অর্থকেই চারটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে তুলনামূলক আলোচনা-পর্যালোচনা করা হয়েছে। এখানে ‘Patron Saint’ ধারণাটি খ্রিস্টীয় ধর্মতাত্ত্বিক অর্থে ব্যবহার করা হচ্ছে না। খ্রিস্টীয় ঐতিহ্যে সাধুর মর্যাদা ও মধ্যস্থতার ধারণা ক্যাননাইজেশনের মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। সুফি ঐতিহ্যে এর সরাসরি সমতুল্য কোনো প্রতিষ্ঠান বা প্রক্রিয়া নেই। একইভাবে ইসলামী একত্ববাদীর দৃষ্টিকোণে কোনো অলির স্বাধীন ঐশ্বরিক ক্ষমতার ধারণাও গ্রহণযোগ্য নয়। ফলে এই তুলনা ধর্মতাত্ত্বিক সমতা দাবি করে না; বরং কার্যগত সাদৃশ্য অনুসন্ধান করে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর সঙ্গে একজন ধর্মীয় ব্যক্তির দীর্ঘস্থায়ী সামাজিক ও ধর্মীয় সম্পর্ক কীভাবে গড়ে ওঠে এবং তার প্রমাণ কীভাবে শনাক্ত করা যায়, এটিই আলোচনা-পর্যালোচনার মূল প্রশ্ন। এ-সকল সম্পর্ককে ঘিরে মুসলিম সমাজের অভ্যন্তরীণ ধর্মতাত্ত্বিক মতভেদ এখানে আলোচনার বিষয় নয়।
হযরত শাহজালাল-সংক্রান্ত উৎসগুলোকে মোটামুটি তিনটি কালস্তরে ভাগ করা যায়।[6] প্রথম স্তরে রয়েছে ১৩৪৫/৪৬ সালে সিলেট অঞ্চলে আগত ইবনে বতুতার বিবরণ ‘রিহলা’ تحفة النظار في غرائب الأمصار وعجائب الأسفار/ Tuhfat an-nuzzar fi gharaib al-amsar wa-ajaib al-asfar)।[7] বতুতা ভ্রমণ শেষে নিজদেশ মরক্কোতে ফিরে গিয়ে এসব বিবরণ করলে, তৎকালীন মরক্কোর সুলতান আবু ইনান ফারিসের আদেশে এসব ভ্রমণ-বিবরণ কবি ইবনে জুজাই আল-কালবি আরবি গদ্যে সংকলন ও লিখিত রূপদান করেন। দ্বিতীয় স্তরে রয়েছে সুলতান আলাউদ্দীন হোসেন শাহ ও ফিরোজ শাহ দেহলভীর আমলের তিনটি শিলালিপি– ১৫০৫ ও ১৫১২ সালের।[8] তৃতীয় স্তরে রয়েছে পরবর্তী হ্যাজিওগ্রাফিক বা জীবনীমূলক সাহিত্য, যেমন: শায়খ আলী শের বাঙ্গালীর শরহ-ই-নুজহাতুল আরওয়াহ (১৫৭১), মুহাম্মদ গউস শাত্তারীর গুলজার-ই-আবরার[9] (১৬১৩) এবং নাসিরুদ্দীন হায়দারের ঊনবিংশ শতকের ফারসি জীবনী সুহাইল-ই-ইয়েমেন[10] (১৮৫৯)। ফলে বাস্তবিক শাহজালাল-সম্পর্কিত ঘটনাকাল (১৩০৩ সালের সিলেট অভিযান ও এর পরবর্তী বাংলা অবস্থান)-এর সাথে তাঁর জীবনীমূলক লিখিত বিবরণের মধ্যে দুই শতাব্দীরও অধিক ব্যবধান রয়েছে। তবে রিচার্ড ইটন বাংলার সুফি-হ্যাজিওগ্রাফিকে আদর্শগত উদ্দেশ্যপ্রণোদিত ঐতিহাসিক বয়ান হিসেবে চিহ্নিত ও মূল্যায়ন করেছেন।[11] পরবর্তী গবেষণায় তিনি আরও দেখিয়েছেন যে, পূর্ব-বাংলায় ধর্মীয় পরিচয়ের পরিবর্তন ছিল আদতে কৃষি সম্প্রসারণ ও স্থায়ী বসতির বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি ধীর ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাঁর মতে, একে সরল অর্থে ‘ধর্মান্তরকরণ’ হিসেবে ব্যাখ্যা করা যথেষ্ট নয়।[12] হজরত শাহজালাল নিয়ে নিম্নের আলোচনায় সিলেটের প্যাট্রন সেইন্ট হিসেবে বর্ণনা ও এর সপক্ষে দলিলাদি উপস্থাপন করাই মূল উদ্দেশ্য।
১. শ্রীহট্ট (সিলেট)-র সঙ্গে শাহজালালের ঐতিহাসিক সম্পর্ক
কোনো সুফি-সাধকের সঙ্গে একটি নির্দিষ্ট ভূখণ্ডের ঐতিহাসিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই দেখতে হয়, সেই অঞ্চলের সঙ্গে তাঁর সম্পর্কের প্রাচীনতম লিখিত প্রমাণ কী। পূর্বে বলা হয়েছে, হযরত শাহজালালের ক্ষেত্রে সিলেটের সঙ্গে তাঁর সম্পর্কের অন্যতম প্রাচীন সাক্ষ্য পাওয়া যায় মরক্কোর পর্যটক ইবনে বতুতার বিবরণে। চীন যাওয়ার পথে ইবনে বতুতা চট্টগ্রাম থেকে সিলেট-কামরুপ অঞ্চলের দিকে যান এবং শায়খ জালালুদ্দীন তাবরিজির খানেকায় তিন দিন অবস্থান করেন। এরপর তিনি চীনের দিকে রওনা হন। তবে তাঁর বিবরণে কিছু বিতর্ক ও সংশয়ের আভাস পাওয়া যায়। বর্তমান দরগা থেকে প্রাপ্ত ষোড়শ শতাব্দীর এক শিলালিপি মারফত জানা যায়, শাহজালালের উপাধি ছিল– ‘কুনায়ই’ ও ‘মুজাররদ’। ‘তাবরিজি’ উপাধি নয়। বিষয়টি আরও জটিল তখনই, শায়খ জালালউদ্দীন তাবরিজি নামে পৃথক আরেকজন প্রখ্যাত সুফি একই সময়কাল ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় আগমন করেছিলেন এবং তাঁর মাজার বর্তমান পশ্চিমবঙ্গের পান্ডুয়ায় অবস্থিত। ফলে পরিচয়গত দিক থেকে ইবনে বতুতার উল্লেখিত দরবেশ এবং সিলেটের শাহজালাল একই ব্যক্তি কি-না, তা নিয়ে ঐতিহাসিকদের মাঝে নানা মতপার্থক্য ও হরেক রকম জল্পনা-কল্পনা।[13] তবে ড. আবদুর রহিম, ড. আবদুল করিম, মুহম্মদ এনামুল হক, মোহর আলী, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এবং পূর্বতন নাসিরুদ্দীন হায়দার-সহ প্রায় সকল ইতিহাসবেত্তাদের মতে, সিলেটের সাধক শাহজালাল মুজাররদ ও পান্ডুয়ার সাধক জালালুদ্দিন তাবরিজি দুজন ভিন্ন ব্যক্তি, এবং বতুতার বর্ণিত জালালুদ্দিন তাবরিজি মূলত সিলেটে শায়িত শাহজালাল মুজাররদ ইয়ামেনীই।[14] বতুতার ভ্রমণকাহিনী রিহলা’র ইংরেজি অনুবাদক গিব তাঁর অনুবাদের টীকায় উল্লেখ করেছেন, বতুতার বর্ণিত স্থানটি সিলেট এবং সেখানে যে সাধকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল, তিনি সেই শাহজালাল, যার সমাধি পরবর্তীকালে সিলেটে গুরুত্বপূর্ণ ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক ও তীর্থস্থানে পরিণত হয়েছে।[15] অনুরূপভাবে অধ্যাপক মাহদী হুসাইনের অনুবাদে বতুতার বর্ণনায় দেখা যায়, আশপাশের হিন্দু ও মুসলমানরা ওই সাধকের কাছে উপহার নিয়ে আসত। এসব উপহারের মাধ্যমে খানেকায় অবস্থিত ফকির ও আগত অতিথিদের আহারের ব্যবস্থা হতো।[16] তাঁর সঙ্গে থাকা সাধক/ব্যক্তিদের বহিরাগত এবং তৎকালীন সিলেট ও বঙ্গ অঞ্চলের শাসক শ্রেণীর প্রভাবসম্পন্ন ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।[17] তবে সাম্প্রতিক সময়ে আসামকেন্দ্রিক এক গবেষণায় রুবাইনা সুলতানা তাঁর পিএইচডি অভিসন্দর্ভে দাবি করেন, “ইবনে বতুতা ১৩৪৬ সালে যে সাধকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তিনি সিলেটের শাহজালাল নন। তিনি ছিলেন শায়খ জালালুদ্দীন তাবরিজি নামের আরেকজন সুফি সাধক। বতুতা চট্টগ্রাম থেকে কামরূপের পাহাড়ি অঞ্চলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সেই স্থানটি ছিল বর্তমান গুয়াহাটির কাছাকাছি। শায়খ তাবরিজি সেখানেই বাস করতেন এবং তাঁর সমাধি এখনও গুয়াহাটির গারিগাঁওয়ের ফকিরপাড়ায় রয়েছে।”[18] সুলতানা দেখিয়েছেন, বতুতার বর্ণনায় কামরূপের পর্বত, স্থানীয় মানুষের চেহারা ও জাদু-টোনার কথা যেভাবে এসেছে, তা সিলেটের সঙ্গে মেলে না। তাছাড়া সাধকের বয়স ও জীবনকাহিনিও তাবরিজির সঙ্গেই মিলে যায়। তাই তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন যে, বতুতা গুয়াহাটি অঞ্চলেই শায়খ তাবরিজির সঙ্গেই সাক্ষাৎ করেছিলেন।
সিলেট ভূখণ্ডের ইতিহাসের সঙ্গে হজরত শাহজালালের নাম যুক্ত হওয়ার আরও সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় শিলালিপিতে। আবদুল করিম তাঁর Social History of the Muslims in Bengal ও Corpus of the Arabic and Persian Inscriptions of Bengal গ্রন্থে ৯১৮ হিজরি/১৫১২ সালের একটি ফারসি শিলালিপির কথা উল্লেখ করেছেন।[19] এটি ‘শায়খুল মাশায়েখ মখদুম শায়খ জালাল মুজাররদ ইবনে মুহাম্মদ’-এর স্মৃতি ও ঐতিহাসিক ঘটনাবলীর উদ্দেশে উৎসর্গ করা হয়েছিল। এতে সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহের আমলের এই শিলালিপিতে ৭০৩ হিজরি/১৩০৩ সালে সিকান্দার খান গাজীর সিলেট বিজয়ের কথাও উল্লেখ আছে। ঘটনাটির দুই শতাব্দীর বেশি সময় পরে শিলালিপিটি নির্মিত হলেও আবদুল করিম মনে করেন, এতে উল্লেখিত তারিখটি যথাযথ বলে প্রতীয়মান হয়।[20] অন্যদিকে ৯১১ হিজরি/১৫০৫ সালের একটি শিলালিপি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে দরগায় খালিস খানের নির্মাণকাজের বিবরণ উল্লেখ করা হয়েছে। সেখানেও শাহজালালের নামের সঙ্গে ‘কুনিয়াই’ নিসবত ব্যবহৃত হয়েছে।[21] উল্লেখ্য যে, শিলালিপি দুইটি পাঠকের বিবেচনা করার সুবিধার্থে এই প্রবন্ধের শেষাংশে বাংলায় আরবি-ফারসি শিলালিপি পাঠ ও আর্কাইভের পথিকৃৎ শামসুদ্দীন আহমদের ইংরেজি অনুবাদ-সহকারে যুক্ত করা হয়েছে। কুনিয়াই নিসবত মূলত তাঁর জন্মস্থানের দিকে নির্দেশ করে, তবে এ-নিয়ে দুইটি মত পাওয়া যায়, তাঁর জন্মস্থান তুরস্কের কুনিয়া শহরে[22] অথবা ইয়েমেনের হাদরামাউতে[23]।
তৎকালীন শ্রীহট্ট বিজয়ে শাহজালালের ভূমিকা বোঝার ক্ষেত্রে শিলালিপি ও হ্যাজিওগ্রাফিক উৎসের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। শিলালিপিতে ১৩০৩ সালের শ্রীহট্ট (সিলেট) বিজয়ের কৃতিত্ব দেয়া হয়েছে সুলতানের সেনাপতি সিকান্দার খান গাজীকে। বিপরীতে শায়খ আলী শেরের রচিত গুলজার-ই-আবরার, মুহিউদ্দীন খাদিমের রিসালাত (১৭১১) এবং অজ্ঞাতনামা রওজাত-উস-সালাতিন (১৭২১)-এ, বিজয়ের প্রধানতম ও অগ্রনায়ক হিসেবে শাহজালাল ও তাঁর সঙ্গীদের সরাসরি উপস্থাপন করা হয়েছে। সেখানে কোনো শাসক বা সেনাপতির ভূমিকা উল্লেখ করা হয়নি। কিছু বর্ণনায় পাওয়া যায়, তৎকালীন সিলেট অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, বিশেষত বিস্তৃত হাওর, জলাভূমি ও বর্ষাপ্রবণ পরিবেশে সিকান্দার গাজির নেতৃত্বাধীন সৈন্যবাহিনী সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলে অভিযানে পরপর দুইবার ব্যর্থ হন। পরবর্তীতে ৩৬০ জন আউলিয়া/সহচর নিয়ে হজরত শাহজালাল বাংলায় আগমন করলে সুলতান আলাউদ্দিন খিলজি কর্তৃক প্রেরিত সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন ও সেনাপতি সিকান্দর গাজী উভয়ে শাহজালালের প্রতি অনুগারী হন এবং স্ব-স্ব বাহিনীসহ তাঁর শিষ্যত্ব বরণ করেন। সর্বোপরি তখন সমগ্র বাহিনীকে নেতৃত্বদানের বা সেনাপতিত্বের দায়িত্ব পড়ে হজরত শাহজালাল-এর উপর। অতঃপর তৎকালীন অত্যাচারী শাসক রাজা গৌড় গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁর আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সমগ্র বাহীনি-সহ পরপর তিনটি নদী (ব্রহ্মপুত্র, বরাক ও সুরমা) জায়নামাজের মাধ্যমে পার হন এবং রাজা গৌড় গোবিন্দকে পলায়ন করতে বাধ্য করেন।[24] এখানে হ্যাজিওগ্রাফিক বর্ণনা ও লোকমুখে প্রচলিত কাহিনি অনুসারে, একমাত্র শাহজালালের উপস্থিতি ও আধ্যাত্মিক শক্তি প্রয়োগের মাধ্যমে এই সিলেট বিজয় করা সম্ভব হয়েছে। উৎসগুলো একই ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলেও একটি বিষয়ে তাদের মধ্যে মিল রয়েছে। তা হলো, উভয় ধারার উৎসই শাহজালালকে ১৩০৩ সালের সিলেট বিজয়ের ঐতিহাসিক ঘটনা ও স্মৃতির সঙ্গে যুক্ত করে। তবে তাঁর প্রকৃত সামরিক বা রাজনৈতিক ভূমিকা কতটা ছিল, তা বর্তমান উৎসের ভিত্তিতে নিশ্চিত ও নিখুঁতভাবে নির্ধারণ করা সম্ভব নয়।
হযরত শাহজালালের সঙ্গে সিলেটের ঐতিহাসিক সম্পর্ক শুধু তাঁর নিজের দরগাকে কেন্দ্র করে গড়ে ওঠেনি, বরং তাঁর সফরসঙ্গী হিসেবে আগত অন্যান্য সাধকদের বাংলায় বিচরণও এই সম্পর্ককে আরও বিস্তৃত করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিজয়ের পর তিনি অধিকাংশ সঙ্গীকে বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার নির্দেশ দেন এবং কয়েকজনকে নিজের সঙ্গে সিলেটে রাখেন।[25] সিলেটের দরগা-চত্বরে তাঁর পাশে শাহজাদা আলী, হাজী ইউসুফ, হাজী খলিল ও হাজী দরিয়ার সমাধিও রয়েছে।[26] শাহজালাল সিলেট আগমনের সময়কার সহচরদের এ অঞ্চলে বিচরণের কারণে সিলেটকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ হিসেবে আখ্যায়িত করা হয়। তবে ৩৬০ সংখ্যাটিকে ঐতিহাসিকভাবে নির্দিষ্ট সংখ্যা হিসেবে নয়। কখনো ৩১৩ বা ৭০০ জন আউলিয়া হজরত শাহজালালের সহচর ছিল বলেও উল্লেখ পাওয়া যায়।[27] ফলে ৩৬০ সংখ্যাটি এখানে বহুসংখ্যক আউলিয়ার উপস্থিতির প্রতীক হিসেবেও দেখাও যেতে পারে। দরগাহ তত্ত্বাবধানের ক্ষেত্রেও উত্তরাধিকারসূত্রের একটি বংশ পরম্পরা/সিলসিলার উল্লেখ পাওয়া যায় এবং বর্তমানেও এর ধারাবাহিকতা বিদ্যমান। দরগার খাদেম ও ইতিহাসবিদগণের অনুমান, প্রথম খাদেম হাজী মুহাম্মদ ইউসুফের বংশধরেরা পরবর্তী সময়ে মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করেন।[28] স্থান-নামকরণেও শাহজালাল-সম্পর্কিত স্মৃতির কিছু চিহ্ন পাওয়া যায়। ইতিহাসবিষয়ক এনসাক্লোপিডিয়াগুলোতে এই মতটি প্রসিদ্ধ যে, ১৩০৩ সালের বিজয়ের পরবর্তী সময়ে অঞ্চলটির সঙ্গে ‘জালালাবাদ’ নামে নামকরণ করা হয়। তবে এই নামকরণের ধারণাটি সমসাময়িক দলিল দ্বারা যাচাই করা সম্ভব হয়নি। আধুনিক প্রশাসনিক ও সামরিক ব্যবহারে অবশ্য সিলেটের জালালাবাদ ইউনিয়ন, জালালাবাদ সেনানিবাস এবং শাহজালালপুরের মতো নাম বিদ্যমান। এছাড়া বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ও সরকারি বিশ্ববিদ্যালয়ও শাহজালালের নামে নামকরণ করা হয়েছে। অর্থাৎ পরবর্তী কালের ভূ-নামকরণেও শাহজালাল ও তাঁর স্মৃতির প্রভাব লক্ষ্য করা যায়। ডেভিড লাডেনও সিলেটের কৃষি-সম্প্রসারণের ইতিহাস বর্ণনাকালে ১৩০৩ সালকে এমন একটি পর্যায় হিসেবে চিহ্নিত করেছেন, যখন শাহজালালের সঙ্গে যুক্ত একটি মুসলিম কৃষিনির্ভর পবিত্র ভূখণ্ডের ধারণা গড়ে ওঠে এবং সময়ের সঙ্গে তার বিস্তার ঘটে।[29]
২. হজরত শাহজালালের মাজার-সংস্কৃতি, ধর্মীয় আচার ও পবিত্র ভূগোল ধারণা
কোনো সুফি-সাধকের সঙ্গে একটি ভূখণ্ডের গভীর সম্পর্ক স্রেফ তাঁর নাম বা সমাধির উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেই সমাধিকে ঘিরে যদি দীর্ঘস্থায়ী ধর্মীয় আচার-সংস্কৃতি, নজর-নেয়াজ, দোয়া, ওরস, লঙ্গর এবং বিশেষ আধ্যাত্মিক পবিত্রতা ও মাহাত্ম্যের ধারণা গড়ে ওঠে, তাহলে স্থানটি ধীরে ধীরে একটি ‘পবিত্র ভূগোল’র অংশে পরিণত হয়। শাহজালালের ক্ষেত্রে সিলেটের দরগা এ ধরনের পবিত্র ভূগোলের উজ্জ্বলতম উদাহরণ। শাহজালালের দরগা সিলেটের উত্তরাংশের দরগাহ মহল্লায় একটি নিচু টিলার ওপর অবস্থিত। এর চত্বরে রয়েছে মূল সমাধি, চারটি মসজিদ, মাদ্রাসা, খানকাহ, লঙ্গরখানা এবং কবরস্থান।[30] দরগার সঙ্গে শাহজালালের ব্যবহৃত তরবারি, কুরআন, পোশাক ও কাঠের পাদুকার মতো পবিত্র নিদর্শনও বিদ্যমান রয়েছে।[31] লঙ্গরখানায় থাকা তিনটি বড় পিতলের ডেগের গায়ের ফারসি লিপি থেকে জানা যায়, এগুলো ১১০৬ হিজরি/১৬৯৪–৯৫ সালে জাহাঙ্গীরনগরে তৈরি হয়েছিল এবং মুরাদ বখশের মাধ্যমে তা সিলেটে পাঠানো হয়।[32] ভক্তবৃন্দ ও স্থানীয় মুসলমানরা দরগা সংশ্লিষ্ট কবরস্থানে সমাহিত/দাফন হওয়ার বাসনা লালন করেন।[33] এসব তথ্য দেখায় যে, দরগাহটি শুধু পীরের সমাধিস্থল নয়, বরং এর সঙ্গে ধর্মীয় আচার, দান, আহার এবং মৃত্যুসংক্রান্ত সামাজিক অনুশীলনও অঙ্গাঙ্গীভাবে জড়িত। এই পবিত্রগত ধারণায় কিছু প্রাকৃতিক উপাদানও যুক্ত। যেমন, দরগার পাশের ঝরনাকূপ ‘চশমা’ নিয়ে লোক-বিশ্বাস হলো, শাহজালালের নির্দেশে এটি খনন করা হয়েছিল এবং এর পানি সরাসরি মক্কার জমজম কূপ থেকে আগত।[34] দরগার পার্শ্ববর্তী জলাশয়ের গজার মাছ (একধরনের বড় আকারের শিকারি মিঠাপানির মাছ, ইংরেজিতে যাকে স্নেকহেড বলা হয়) নিয়েও একাধিক লোকবিশ্বাস রয়েছে। এক বর্ণনায়, রাজা গৌড়গোবিন্দের পরাজিত কিছু যাদুকর বা সৈন্যকে শাহজালাল মাছের রূপে অভিশপ্ত করেছিলেন। অন্য কাহিনিতে, এগুলো শাহজালালের লালিত মাছের বংশধর।[35] একইভাবে ‘জালালী কবুতর’কে নিজামুদ্দীন আউলিয়ার উপহার হিসেবে দেয়া একজোড়া কবুতরের বংশধর বলে মনে করা হয়।[36] এ ধরনের পবিত্র প্রাণী ও প্রাকৃতিক উপাদানকে ঘিরে বিশ্বাস কখনো কখনো লোককাহিনির সীমানা ছাড়িয়ে তা প্রতিক্রিয়াশীল রাজনীতি ও সংরক্ষণ-আচরণকেও প্রভাবিত করে। সারা কুয়েন (Sara Kuehn)-র গবেষণায়, বাংলাদেশ ও পাকিস্তানের সুফি দরগাগুলোতে পবিত্র প্রাণী সংরক্ষণের সঙ্গে একপ্রকার ধর্মীয় লোকবিশ্বাস যুক্ত।[37] এর একটি বাস্তবিক উদাহরণ শাহজালালের দরগার গজার মাছ। ২০০৩ সালের ৪ ডিসেম্বরে বিষ প্রয়োগে সাতশোর বেশি মাছ মারা যায়। প্রতিটি মাছের ওজন ছিল আনুমানিক ১৫ থেকে ২০ কেজি। মৃত মাছগুলোকে সাধারণভাবে ফেলে না দিয়ে বা না খেয়ে কবরস্থানে দাফন করা হয়েছিল। পরবর্তীতে ২০০৪ সালের জানুয়ারি মাসে মৌলভীবাজারের শাহ মোস্তফার দরগা থেকে ২৪টি গজার মাছ এনে এখানকার পুকুরে ছাড়া হয়েছিল।[38] ফলে এ-সকল প্রাণীকে ঘিরে লোকবিশ্বাস যে স্থানীয় ধর্মীয় সংস্কৃতিতে প্রভাব তৈরি করে, এটি তার জীবন্ত উদাহরণ।
দরগাকে কেন্দ্র করে নিয়মিত ওরস ও জিয়ারত-সংস্কৃতিও এই স্থানকে বৃহত্তর সামাজিক পরিসরে যুক্ত করেছে। বাংলাদেশ এবং প্রতিবেশী ভারতের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবছর লক্ষাধিক মানুষ শাহজালালের ওরসে অংশ নিতে আসেন।[39] ওরশ ব্যতীত প্রতিদিন অগণিত মানুষ জিয়ারতে অংশ নেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ বিভিন্ন জাতি-ধর্ম-বর্ণ সম্প্রদায়ের মানুষের এ দরগায় নিবেদন ও দোয়ায় অংশগ্রহণ করেন।[40] ফলে দরগার গুরুত্ব নিছক ব্যক্তিগত বা সাম্প্রদায়িক ভক্তির মধ্যে সীমাবদ্ধতা পেরিয়ে, এটি একটি বৃহত্তর সামাজিক ও আন্তঃসম্প্রদায়িক ধর্মীয় পরিসরও তৈরি করেছে। দরগার প্রাতিষ্ঠানিক কাঠামোটিও এখানে গুরুত্বপূর্ণ। ঊনবিংশ শতকের একটি জীবনীকোষে দরগায় বিপুলসংখ্যক (শত থেকে সহস্রাধিক) পরিচারকের উল্লেখ পাওয়া যায়।[41] আবার সুলতানি ও মোগল আমলের লাখেরাজ প্রথা অনুযায়ী, সুলতান ফিরোজ শাহ শাহজালালের বাসস্থানকে করমুক্ত ঘোষণা করেছিলেন এবং সেই অব্যাহতি পরবর্তীকালেও বহাল ছিল।[42] দরগার স্থাপত্যের ইতিহাস নিয়ে বললে, ১৪৭২ সালের মসজিদ এবং ১৫০৫ সালের মূল সমাধিসৌধসহ আগের কয়েকটি স্থাপনা বর্তমানে আর টিকে নেই। বর্তমান দরগার ভবনগুলো সপ্তদশ/অষ্টাদশ শতকের পরবর্তী সময়ের।[43] ১৮৯৭ সালের ভূমিকম্পে প্রধান মসজিদ ক্ষতিগ্রস্ত হলে তা পরে মেরামত করা হয়। পূর্বে বলা হয়েছে, শাহজালালের দরগাহকে ঘিরে লোকবিশ্বাস ও লোকআচারকে মুসলমানদের সকল অংশ একইভাবে গ্রহণ করেন না। ক্যাটি গার্ডনারের সিলেটভিত্তিক মাঠ-পর্যালোচনায় দেখা যায়, দরগার খাদেম ও ভক্তদের একটি অংশ শাহজালালকে মূলত ইসলামের প্রচারক ও ঐতিহাসিক ইয়েমেনি যোদ্ধা হিসেবে উপস্থাপন করেন এবং তাঁর অলৌকিক কাহিনিগুলোর প্রতি অনাগ্রহ প্রকাশ করেন। তাঁদের বক্তব্যে শাহজালাল একজন মরণশীল মানুষ, যদিও তিনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি। একই গবেষণায় ওরসকে ঘিরে রক্ষণশীল মুসলিমদের সঙ্গে ভক্তিমূলক আচার পালনকারীদের সংঘাতের ঘটনাও আলোচিত-বিবেচিত হয়েছে।[44]
৩. সুরক্ষামূলক বা মধ্যস্থতামূলক কার্যসম্পাদনের লোকবিশ্বাস
কোনো সুফি-সাধককে নির্দিষ্ট ভূখণ্ডের অভিভাবক বা মধ্যস্থতাকারী হিসেবে বোঝার ক্ষেত্রে দুটি বিষয় আলাদাভাবে দেখা যায়। প্রথমত, মানুষ তাঁর কাছে মানত করে, দান করে বা তাঁর মাধ্যমে আল্লাহর দয়া লাভের প্রত্যাশা করে কি-না। দ্বিতীয়ত, কোনো নির্দিষ্ট পেশা, জনগোষ্ঠী বা প্রাকৃতিক পরিবেশের রক্ষাকর্তা হিসেবে তাঁকে বিশ্বাস/বিবেচনা করা হয় কি-না। এখানে এসব লোকবিশ্বাসের ধর্মতাত্ত্বিক বৈধতাকে বিচার করা হচ্ছে না, বরং এগুলোকে জনগোষ্ঠীর ভক্তি ও ধর্মীয় সংস্কৃতির অংশ হিসেবে দেখাই মুখ্য উদ্দেশ্য। প্রথম পয়েন্টটির ক্ষেত্রে, শাহজালালের দরগা সম্পর্কে বেশ কিছু ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক গবেষক এ নিয়ে আলোচনা করেছেন। যেমন, গবেষক সুফিয়া উদ্দিন বাংলাদেশের সুফি দরগায় মানত এবং কৃপা লাভের অভিজ্ঞতা নিয়ে একটি গবেষণায় সিলেটের শাহজালাল দরগাকে দেশের সর্বাধিক জিয়ারতের স্থানগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করেছেন।[45] সারা কুয়েনের গবেষণায়ও সুফিসাধকদের দরগাকে ঘিরে মানত, দান এবং আল্লাহর দয়া লাভের ক্ষেত্রে সাধকের মধ্যস্থতামূলক ভূমিকার ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া শাহজালালের দরগার কবুতর ও গজার মাছ সম্পর্কেও তাঁর পৃথক গবেষণা রয়েছে।[46] এসব গবেষণা থেকে বোঝা যায়, দরগাকে ঘিরে মানুষের সঙ্গে পরম পবিত্র সত্তার একটি পারস্পরিক সম্পর্কের ধারণা কাজ করে। যেখানে মানুষ কোনো ইচ্ছা পূরণের প্রত্যাশায় মানত বা নিবেদন করে এবং বিনিময়ে কৃপা লাভে ও মানত পূরণের আশা করে। মানত বলতে সাধারণত কোনো কামনা পূরণ হলে নির্দিষ্ট দান, উৎসর্গ বা ধর্মীয় আচরণের (নামাজ, রোজা) ওয়াদাকে বোঝায়। শাহজালালকে মধ্যস্থতাকারী/ওসিলা হিসেবে গ্রহণের প্রবণতা অন্যান্য ধর্ম-সমাজের মধ্যেও ছিল ও আছে। যেমন, বিপিনচন্দ্র পালের একটি বর্ণনা, যা ভট্টাচার্যের গ্রন্থে উদ্ধৃত হয়েছে। পাল বলেন, কিছু হিন্দু সাধুও শাহজালালকে মহাদেবের অবতার হিসেবে দেখতেন।[47] ইবনে বতুতার বিবরণেও দেখা যায়, তাঁর আশ্রমে আশপাশের হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ উপহার নিয়ে আসতেন।[48] ঊনবিংশ শতকের একটি স্মৃতিকথায় লিন্ডসে লিখেছেন, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমান তীর্থযাত্রীরা শাহজালালের দরগাহতে আসতেন।[49] পরবর্তী সময়ের বিভিন্ন গেজেটিয়ারেও মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষের নিবেদন ও প্রার্থনার কথা উল্লেখ পাওয়া যায়, যার ধারাবাহিকতা এখনো বিদ্যমান।[50] তবে দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে, নির্দিষ্ট পেশা বা প্রাকৃতিক পরিবেশের অভিভাবক হিসেবে শাহজালালের স্বীকৃতির প্রমাণ অপেক্ষাকৃত দুর্বল। কোনো সুফি-সাধককে জেলে, মাঝি, কৃষক বা অন্য কোনো নির্দিষ্ট পেশাজীবী গোষ্ঠীর ‘রক্ষাকারী পীর’ হিসেবে দেখার যে প্রবণতা বাংলার অন্যান্য অঞ্চলে দেখা যায়, শাহজালালের ক্ষেত্রে এর উল্লেখযোগ্য প্রমাণ বা বর্ণনা পাওয়া যায় না। এর অর্থ এই নয় যে, স্থানীয়ভাবে এ ধরনের বিশ্বাস একেবারেই নেই। তাঁর দরগাকে ঘিরে মানত, নিবেদন, কৃপা প্রত্যাশা এবং মধ্যস্থতামূলক লোকবিশ্বাসের যথেষ্ট উদাহরণ-বর্ণনা-প্রমাণ রয়েছে; পাশাপাশি বিভিন্ন সম্প্রদায় ও বিস্তৃত ভৌগোলিক পরিসরের জনসাধারণের অংশগ্রহণেরও ঐতিহাসিক বয়ান পাওয়া যায়। কিন্তু নির্দিষ্ট পেশা-রোগ-পরিবেশের ‘অভিভাবক’ হিসেবে তাঁর ভূমিকার সুস্পষ্ট প্রমাণ বর্তমানে পাওয়া যায় না।
৪. পটপরিবর্তনের মধ্যে প্রজন্মান্তরে টিকে থাকা সামাজিক স্মৃতি (Collective Memory)
কোনো সুফি-সাধকের সঙ্গে একটি ভূখণ্ডের সম্পর্ক কতটা দীর্ঘস্থায়ী, তা বোঝার জন্য শুধু তাঁর জীবদ্দশার তথ্য যথেষ্ট নয়। দেখতে হয়, পরবর্তী রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যেও তাঁর স্মৃতি, মর্যাদা ও তাঁকে ঘিরে ধর্মীয় অনুশীলন টিকে ছিল কি না। অর্থাৎ প্রশ্নটি হলো, শাহজালালের প্রতি শ্রদ্ধা-ভক্তি কি কোনো নির্দিষ্ট শাসক বা রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত বা সীমাবদ্ধ ছিল, নাকি ভিন্ন ভিন্ন শাসনপর্ব অতিক্রম করেও তা সামাজিক জীবনে টিকে ছিল? শুরু করা যাক, তাঁর ইন্তেকালের শতক চতুর্দশ থেকে। ইবনে বতুতার বিবরণ অনুসারে, তৎকালীন সময়েও শাহজালালের দরগা ছিল সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক পরিসরের প্রধানতম কেন্দ্র। তাঁর বিবরণে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের শাহজালালের নিকট উপহার নিয়ে আসার কথা বর্ণিত হয়েছে।[51] এরপর সুলতানী আমলে এই সম্পর্ক আরও দৃশ্যমান হয় শিলালিপি ও স্থাপত্যের মাধ্যমে। দরগার আশপাশে বিভিন্ন সময়ে দরগা, মসজিদ ও অন্যান্য স্থাপনা নির্মিত হয় এবং ১৫০৫ ও ১৫১২ সালের শিলালিপিতে শাহজালালের নাম ও স্মৃতির উপস্থিতি পাওয়া যায়।[52] মুঘল আমলে এই পৃষ্ঠপোষকতা প্রাতিষ্ঠানিক রূপ নেয়। দরগার প্রাচীর নির্মাণ, বড় গম্বুজবিশিষ্ট মসজিদ, সমাধিসৌধ এবং লঙ্গরখানার জন্য ব্যবহৃত পিতলের ডেগে প্রাপ্ত খোদাই করা অক্ষর ও শিলালিপি মুঘল আমলের প্রশাসক ও অভিজাতদের পৃষ্টপোষকতার প্রমাণ বহন করে। উদাহরণস্বরূপ, ১৬৭৭ সালে ফরহাদ খানের নির্মিত মসজিদ, ১৬৭৮ সালের সমাধি-সংক্রান্ত নির্মাণ এবং ১৬৯৪–৯৫ সালে জাহাঙ্গীরনগর থেকে পাঠানো ডেগ। ১৭৪৪ সালে বাহরাম খানের নির্মিত তিন-গম্বুজ মসজিদও এই পৃষ্ঠপোষকতার অংশ। কোম্পানি ও ব্রিটিশ শাসনের সময় রাজনৈতিক কাঠামো আপাদমস্তক বদলে গেলেও দরগার সামাজিক মর্যাদা পুরোপুরি হারিয়ে যায়নি। ঊনবিংশ শতকের বিবরণে ব্রিটিশ কর্মকর্তাদের দরগা জিয়ারত প্রথার কথা পাওয়া যায়। লিন্ডসে তাঁর স্মৃতিকথায় লিখেছেন, পূর্বসূরিদের অনুসরণ করে তিনি জুতা খুলে শাহজালালের সমাধিতে নজরানা দিয়েছিলেন।[53] তাঁর বিবরণে দরগায় উপস্থিত কিছু ভক্তের কথাও রয়েছে। এই তথ্যের গুরুত্ব হলো, একজন ঔপনিবেশিক প্রশাসকের কাছেও দরগায় গিয়ে প্রচলিত রীতি পালন করা তৎকালীন সময়ে একটি প্রতিষ্ঠিত সামাজিক প্রথা হিসেবে উপস্থিত ছিল। ঐতিহাসিকদের আরো বর্ণনায় রয়েছে, দিল্লি থেকে আসা কর্মকর্তারা সিলেটে পৌঁছালে দরগার শায়খ (মনোনীত প্রধান খাদেম) তাঁদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দিতেন এবং স্থানীয় মানুষ শাহজালালের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করা পর্যন্ত তাঁদের (আগত কর্মকর্তাদের) মর্যাদা স্বীকার করত না।[54]
উৎস-সংকটের ফলে ইবনে বতুতার বিবরণ ও পঞ্চদশ শতকের নির্মাণ-শিলালিপির মাঝখানে কিছু তথ্যগত গ্যাপ তৈরি হয়েছে। শাহজালাল-সম্পর্কিত সামাজিক স্মৃতি (Collective Memory) সবসময় একরৈখিকও ছিল না। বিভিন্ন সময়ে তাঁকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। গার্ডনারের মাঠগবেষণা দেখায়, কিছু মুসলমান জীবিত পীরের ধারণা ও পীরের আধ্যাত্মিক ক্ষমতা প্রত্যাখ্যান করেও নিজেদের শাহজালালের অনুসারী হিসেবে পরিচয় দিতেন। অর্থাৎ স্মৃতি টিকে থাকলেও তার ধর্মীয় ব্যাখ্যা পরিবর্তিত হতে পারে। এই সামাজিক স্মৃতিকে মোটামুটি তিনটি স্তরে দেখা যায়। রাষ্ট্রীয় ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা (শিলালিপি, নজরানা, দরগা জিয়ারত প্রথা), নির্মিত পরিবেশ (মসজিদ, প্রাচীর, সমাধি ও অন্যান্য স্থাপনা) এবং জনসাধারণের ধর্মীয় অনুশীলন (ওরস, মানত, প্রার্থনা এবং দরগার আশপাশে সমাহিত হওয়ার আকাঙ্ক্ষা)। তবে কালেকটিভ মেমরির এই তিন স্তরের প্রামাণিক অর্থ এক নয়। শাসকের নির্মাণ বা পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে জনসাধারণের শ্রদ্ধা-ভক্তি সরাসরি প্রমাণিত হয় না। আবার জনসাধারণের মানত, জিয়ারত-সংস্কৃতি, ওরস-অংশগ্রহণ বা অন্যান্য আচার-কালচার দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাত্রা বোঝা যায় না। তাই সামাজিক স্মৃতির ধারাবাহিকতা বিশ্লেষণে এই দুই ক্ষেত্রকে আলাদা রাখা জরুরি। আধুনিক সময়ে শাহজালালের স্মৃতি সিলেটের ভৌগোলিক সীমাও অতিক্রম করেছে। প্রবাসী সিলেটি জনগোষ্ঠী নিয়ে গবেষণায় দেখা যায়, ব্রিটেনে বাংলাদেশি সম্প্রদায়ের বিভিন্ন মসজিদ ও ব্যবসাপ্রতিষ্ঠানের নাম শাহজালাল ও তাঁর সহচরদের সঙ্গে যুক্ত।[55] ২০১০ সালে ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখার সিদ্ধান্তও তাঁর নামের বৃহত্তর জাতীয় উপস্থিতির একটি উদাহরণ। তবে নামকরণ সরাসরি ধর্মীয়-আধ্যাত্মিক ভক্তির প্রমাণ বহন করে না। বরং এটি স্মৃতি, পরিচয়, প্রতিষ্ঠান ও জনপরিসরে ঐতিহাসিক ব্যক্তিত্বের নামের ব্যবহারও হতে পারে।
হযরত শাহজালালের মাজারে প্রাপ্ত তিনটি শিলালিপি
১. ১৫০৫ খ্রিষ্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ-এর আমলে শাহ জালালের দরগাহ থেকে প্রাপ্ত শিলালিপি[56]:
بسم الله الرحمن الرحيم – الآمر لهذه العمارة البقعة المباركة المنصوبة بدار الاحسان حرم الله تعالى من مخافة الزمان العابد العالي الكبيره . شيخ جلال مجرد كنيايي قدس الله تعالي سره العزيز في عهد السلطان علاو الدنيا و الدين ابو المظفر حسین شاه السلطان خلد ملکه و سلطانه بدا کرد خاناعظم و خاقان معظم خالصخان جامدار غير محلی و سرلشكر و وزیر اقلیم معظمآباد سده احدي عشر و تسعماية
“In the name of Allah, the Merciful, the Clement! He, who ordered the erection of this building, in the blessed spot assigned as ‘Darul-Ihsan’, ‘the house of benefit’ (Sylhet) may Allah the Most High protect it against the ravages of time, is the devotee, the high, the great… Shaikh Jalal, the celibate, of Kanya, may Allah the Exalted sanctify his dear secret! It was built in the reign of the sultan, Alaud-Dunya wad-Din Abul Muzaffar Husain Shah, the sultan, by the great Khan, the exalted Khaqan, Khalis Khan, Keeper of the ward-robe outside the palace, commander and wazir of the district of Muazzamabad in the year nine hundred and eleven 911 Α. Η. (1505 А. С. ).”[57]
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। এই বরকতময় স্থানে ‘দারুল এহসান’ (অনুগ্রহের কেন্দ্র—শ্রীহট্ট/সিলেট) হিসেবে চিহ্নিত পুণ্যময় ইমারত নির্মাণের আদেশদাতা—আল্লাহ তাআলা এই ইমারতকে কালের বিপর্যয় থেকে রক্ষা করুন—আল্লাহর এবাদতকারী, উচ্চমর্যাদাসম্পন্ন ও মহান সাধক… কুনিয়ার অধিবাসী সংসারত্যাগী শেখ জালাল মুজররাদ, আল্লাহ তাআলা তাঁর পবিত্র আত্মাকে মহিমান্বিত করুন। সুলতান আলাউদ-দুনিয়া ওয়াদ-দ্বীন আবুল মুজাফফর হোসেন শাহ সুলতানের রাজত্বকালে (আল্লাহ তাঁর রাজত্ব ও কর্তৃত্ব চিরস্থায়ী করুন) মুয়াজ্জমাবাদের উজির, সেনাপতি এবং প্রাসাদের বহিরঙ্গ রাজকীয় পোশাকের তত্ত্বাবধায়ক (জামেদার গায়রে মহল্লী), মহামান্য খাঁ ও সম্মানিত খাঁকে খালিস খাঁ কর্তৃক ৯১১ হিজরিতে (১৫০৫ খ্রিষ্টাব্দ) এই ইমারত নির্মিত হয়।
২. ১৫১২ খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহের আমলে শাহ জালালের দরগাহ থেকে প্রাপ্ত শিলালিপি[58]:
ابو المظفروسف شاه ابن باربک شاه السلطان ابن محمود شاه السلطان خلد الله ملكه وسلطانه و باني هذا المسجد المجلس الاعظم المعظم الدستور الساعي في الخيرات و المجرات المجلس الأعلي حفظ الله تعالى من الآفات
“Abul Muzaffar Yusuf Shah, son of Barbak Shah, the Sultan, son of Mahmud Shah, the sultan, may Allah perpetuate his rule and kingdom. And the builder of this mosque is the great and the exalted Majlis, the wazir (Dastur) who exerts himself in good deeds and pious acts the exalted (اعلى) Majlis may Allah the Great preserve him against the evils.”[59]
সুলতান মাহমুদ শাহের পৌত্র, সুলতান বারবাক শাহের পুত্র আবুল মুজাফফর ইউসুফ শাহ সুলতান—আল্লাহ তাঁর রাজত্ব ও সার্বভৌমত্ব চিরস্থায়ী করুন। এই মসজিদের নির্মাতা হলেন মহামান্য ও সমাদৃত মজলিস, উজির (দাস্তুর), যিনি সৎকর্ম ও পুণ্যকাজে সর্বদা আত্মনিয়োগকারী; সেই উচ্চ মর্যাদাসম্পন্ন মজলিস—আল্লাহ তায়ালা তাঁকে সকল প্রকার বালা-মুসিবত ও অনিষ্ট থেকে নিরাপদে রাখুন।
৩. ১৫১২ সালে সুলতান ফিরোজ শাহ দেহলভীর সিলেটে নিযুক্ত ওজির রুকন খান কর্তৃক নির্মিত স্থাপনার শিলালিপি:
Top:
بعظمت شيخ المشايخ مخدوم شيخ جلال مجرد بن محمد
First Panel
الأولى الفتح الإسلامي الأول شهر عرصه سريحت بدست سكندر خان غازي .در عهد السلطان فيروز شا
Second Panel
دلوي سنة الثلث والسبعماية اين عمارت ركن خان كه فتح كننده .هثت كامها ريان وزير ولشكر بوده
Third Panel
شهرها وقت فتح كامرو وكامتا وجا جنكر واريشا لشكري كرده باشند جابجا .بدنبال بادشاه سنه ثمان وعشر تسعماية
Top
In honour of the exalted Shaikh-ul-mashaikh, revered Shaikh Jalal, the ascetic, son of Muhammad.
First panel
The first conquest by Islam of the town of ‘Arsah Srihat was in the hand of Sikandar Khan Ghazi in the time of Sultan Firoz Shah.
Second panel
Delavi (Dehlavi) in the year 703 A.H. (1303 A.C.). This building (has been erected by) Rukn-Khan, the conqueror of Hasht Gamarian, who being wazir and general.
Third panel
For many months, at the time of the conquest of Kamru, Kamta, Jaj-nagar and Urisha, served in the army in several places in the train of the king. Written in the year 918 A.H. (1512 А.С.).”[60]
উপরিভাগ:
শায়খুল মাশায়েখ, সর্বজনশ্রদ্ধেয় শেখ জালাল মুজাররাদ ইবনে মুহাম্মদের সুমহান সম্মানে।
প্রথম প্যানেল:
সুলতান ফিরোজ শাহ দেহলভির রাজত্বকালে সিকান্দর খাঁ গাজীর হাতে ‘শ্রীহট্ট’ শহরের সর্বপ্রথম ইসলামী বিজয় সূচিত হয়।
দ্বিতীয় প্যানেল:
৭০৩ হিজরি সালে (১৩০৩ খ্রিষ্টাব্দ)। এই ইমারতটি নির্মাণ করেছেন অষ্ট গামারিয়ানের বিজয়ী রুকন খাঁ, যিনি ছিলেন উজির ও সেনাপতি।
তৃতীয় প্যানেল:
যিনি কামরূপ, কামতা, জাজনগরের বহু শহর বিজয়ের সময় এবং ওড়িষ্যা অভিযানের নানা স্থানে বহু মাস যাবত বাদশাহর সৈন্যদলে সেনাপতিত্ব করেছেন। এটি লিপিবদ্ধ হয়েছে ৯১৮ হিজরি সনে (১৫১২ খ্রিষ্টাব্দ)।
সামগ্রিক মূল্যায়ন ও উপসংহার
হজরত শাহজালাল মুজাররদ (১২৭১- ১৩৪৬ খ্রি.) ইয়ামেন থেকে আগত সমগ্র ভারতীয় উপমহাদেশের, প্রধান বাংলার অন্যতম প্রধান সুফি সাধক। তাঁর নাম ও ঐতিহ্য ত্রয়োদশ–চতুর্দশ শতকের সিলেটের ইতিহাস, ধর্মীয় সংস্কৃতি এবং পরবর্তী সিলেট ও বাংলা অঞ্চলের জনস্মৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁকে ঘিরে গড়ে ওঠা ঐতিহ্য সিলেটের একটি নির্দিষ্ট ভূখণ্ড, দরগাহকেন্দ্রিক পবিত্র স্থান, জিয়ারত ও মানতের সংস্কৃতি এবং দীর্ঘস্থায়ী সামাজিক স্মৃতির সঙ্গে তাঁর নাম ক্রমে একটি বৃহত্তর ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে। এই কারণেই উনিশ শতক থেকেই তাঁকে ‘Patron Saint of Silhat’ অভিধায় অভিহিত করার নজির পাওয়া যায়। এই প্রবন্ধে ‘Patron Saint’ ধারণাটি খ্রিস্টীয় ধর্মতাত্ত্বিক অর্থে নয়, বরং একটি তুলনামূলক ও কার্যগত বিশ্লেষণী পরিভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই কাঠামোর চারটি সূচক- নির্দিষ্ট ভূখণ্ডের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, মাজারকেন্দ্রিক পবিত্র ভূগোল ও ধর্মীয় আচার, সুরক্ষামূলক বা মধ্যস্থতামূলক লোকবিশ্বাস এবং রাজনৈতিক-সামাজিক পরিবর্তনের মধ্যেও প্রজন্মান্তরে টিকে থাকা সামাজিক স্মৃতি– হজরত শাহজালালের ক্ষেত্রে একেবারে সমমাত্রায় উপস্থিত নয়। তবে চারটি মাত্রার সমন্বিত পাঠে তাঁর সঙ্গে সিলেটের ভূখণ্ডগত সম্পর্ক, দরগাহকে ঘিরে গড়ে ওঠা ভৌগলিক পবিত্রতা এবং দীর্ঘস্থায়ী সামাজিক স্মৃতির ভিত্তি তুলনামূলকভাবে অধিক দৃশ্যমান। বিশেষভাবে লক্ষণীয়, হযরত শাহজালালের ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে উৎসগুলো একরৈখিক নয়। ইবনে বতুতার বিবরণ, পঞ্চদশ-ষোড়শ শতকের তিনটি শিলালিপি এবং পরবর্তী হ্যাজিওগ্রাফিক বয়ানে তাঁর পরিচয় ও সিলেট বিজয়ের ভূমিকা নিয়ে পার্থক্য রয়েছে। এমনকি বতুতার বর্ণিত সাধক এবং সিলেটের শাহজালাল একই ব্যক্তি কি-না, এ নিয়েও পণ্ডিত মহলে, গবেষণায় মতপার্থক্য রয়েছে। ফলে শাহজালালের ঐতিহাসিক জীবন ও তাঁর পরবর্তী পবিত্র মর্যাদাকে একই ধরনের প্রমাণ দিয়ে ব্যাখ্যা করা সমীচীন হবে না। বরং কোন কোন দাবি সমসাময়িক বা নিকটবর্তী উৎসের ভিত্তিতে সমর্থিত এবং কোনটি পরবর্তী স্মৃতি, হ্যাজিওগ্রাফি বা লোকঐতিহ্যের অংশ এই পার্থক্য বজায় রাখাই অধিকতর গুরুত্বপূর্ণ। তবুও একটি বিষয় তুলনামূলকভাবে স্পষ্ট যে, সময়ের পরিবর্তনের সঙ্গে হযরত শাহজালালের স্মৃতি বিলীন হয়নি, বরং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসরে নতুন রূপে পুনর্গঠিত হয়েছে। দরগাহ, ওরস, জিয়ারত, মানত, নজর-নেয়াজ, স্থাপত্য, পৃষ্ঠপোষকতা এবং স্থানীয় ও বৃহত্তর জনপরিসরে তাঁর নামের ব্যবহার– সবমিলিয়ে হজরত শাহজালাল বাংলার মুসলমান সমাজের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় স্মৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। একইসঙ্গে এই স্মৃতির অর্থ সব মানুষের কাছে অভিন্ন নয়, তাঁর অলৌকিকতা, দরগাহকেন্দ্রিক আচার এবং মধ্যস্থতামূলক ভূমিকা নিয়ে মুসলিম সমাজের মধ্যেও ভিন্ন ব্যাখ্যা রয়েছে। ফলে ‘শাহজালালের স্মৃতি’ কোনো একটি একক-অপরিবর্তনীয়-একমাত্র লোকবিশ্বাসের প্রতিনিধিত্ব করে না। সর্বোপরি, উনিশ শতকের ইতিহাসবিদদের দাবির ধারাবাহিকতা বজায় রেখে এবং উপরোক্ত আলোচনার উপসংহারে এটুকু দাবি করা যায় যে, হযরত শাহজালালের ক্ষেত্রে ‘Patron Saint’ অভিধাটি ব্যবহারযোগ্য। এর গ্রহণযোগ্যতা নির্ভর করে শব্দটির তুলনামূলক অর্থ স্পষ্ট রাখা, ঐতিহাসিক প্রমাণ ও লোকঐতিহ্যকে পৃথকভাবে মূল্যায়ন করা এবং ইসলামী ‘ওলি’ ধারণাকে খ্রিস্টীয় ‘saint’-এর সঙ্গে সরল সমীকরণ না করার ওপর। এই সতর্কতার মধ্যেই “Patron Saint of Silhat” অভিধাটি হযরত শাহজালালকে ঘিরে গড়ে ওঠা ভূখণ্ড, ভৌগলিক পবিত্রতা, ভক্তি-সংস্কৃতি ও সামাজিক স্মৃতির দীর্ঘ ইতিহাসকে বোঝার একটি কার্যকর বিশ্লেষণী উপায় হতে পারে।
References
[1] পবিত্র ভূগোল (sacred geography) হলো স্থানসমূহ কীভাবে ধর্মীয় তাৎপর্য লাভ করে তার একাডেমিক পরিভাষা। কোনো স্থান পবিত্র হয়ে ওঠে যখন মানুষ সেই স্থানের সাথে জড়িত কোনো বিশ্বাস, গল্প, স্মৃতি, ঘটনা বা ঐতিহ্যগত কারণে সেটিকে সাধারণ স্থান থেকে পৃথক ও মর্যাদাপূর্ণ হিসেবে গণ্য করে। এর মধ্যে মসজিদ, গির্জা, মন্দির বা মাজার-দরগার মতো একক ভবন যেমন অন্তর্ভুক্ত থাকতে পারে, তেমনি একটি বৃহত্তর ভূখণ্ডও এর অন্তর্ভুক্ত হতে পারে। যেমন– গঙ্গার মতো নদী, আয়ার্স রক-ফুজি-কৈলাশ এর মতো পর্বত, মক্কা-মদিনা ও জেরুজালেমের মতো শহর। বিস্তারিত পড়ুন:- Darius Liutikas, Book: Geographies of Religious Spaces and Sacred Landscapes, Chapter: Religious geography and sacred landscape: an introduction to the research area, Edward Elgar Publishing, 17 July 2025, pp. 1-20.
[2] James Wise, Note on Shah Jalal, the Patron Saint of Silhat, in H. Blochmann, Contributions to the Geography and History of Bengal (Muhammadan Period), Journal of the Asiatic Society of Bengal 42, Part I (1873): 278-281.
[3] Syed Murtaza Ali, A Chronology of Muslim Faujdars of Sylhet, Proceedings of the Pakistan History Conference. Karachi: Pakistan Historical Society, 1954, p. 275.
[4] Robert Lindsay, Anecdotes of an Indian Life, in Lives of the Lindsays; or, A Memoir of the Houses of Crawford and Balcarres, ed. Lord Lindsay, vol. III (London, 1849)। Crawford, Alexander W. Lindsay (1858). Lives of the Lindsays: or, a Memoir of the Houses of Crawford and Balcarres, vol. III (2nd ed.). London: John Murray, p. 168. তিনি লিখেছেন: “I was now told that it was customary for the new resident to pay his respects to the shrine of the tutelar saint, Shaw Juloll. Pilgrims of the Islam faith flock to this shrine from every part of India, and I afterwards found that the fanatics attending the tomb were not a little dangerous. It was not my business to combat religious prejudices, and I therefore went in state, as others had gone before me, left my shoes on the threshold, and deposited on the tomb five gold mohurs as an offering. Being thus purified, I returned to my dwelling, and received the homage of my subjects.”
[5] শ্রীরজনীরঞ্জন দেব, শাহাজলাল বা শ্রীহট্টে মুসলমান, G K. Chaudhuri, Dina Nath press, রায়নগর, শ্রীহট্ট, ১লা ভাদ্র ১৩১৭ বঙ্গাব্দ/ ১৭ আগস্ট ১৯১০ খ্রিস্টাব্দ, পৃ-২।
[6] ইতিহাসবিদ ড. আবদুল করিম বাংলার মুসলিম সমাজের ইতিহাস পুনর্গঠনের উৎসগুলোকে ছয়টি প্রধান শ্রেণিতে ভাগ করেছেন। শাহজালাল-সম্পর্কিত তথ্যের প্রধান অংশ তাঁর বর্ণিত পঞ্চম শ্রেণির উৎস তথা সুফি-জীবনীমূলক সাহিত্যের অন্তর্ভুক্ত। আব্দুল করিম এই শ্রেণিকে আবার তিন ভাগে বিভক্ত করেছেন। ক. The biographies of the Sufis (সুফিদের জীবনী), খ. The Malfuzat or discourses of the Sufis (সুফিদের বাণী ও কথোপকথনের সংকলন) এবং গ. The Maktubat or letters written by the Sufis (তাঁদের পত্রাবলি)। Abdul Karim, Social History of the Muslims in Bengal (Down to A.D. 1538), The Asiatic Society of Pakistan, Dacca, East Pakistan, 1959, p 10-14.
[7] The Travels Of Ibn Battuta (1325-1354, Volume IV): H. A. R. Gibb and C. F. Beckingham, The Hakluyt Society, London, 1994.
[8] H. Blochmann, Geography and History of Bengal, Vol. 42, Asiatic Society, 1873, P. 293. Shamsuddin Ahmed, Inscription of Bengal, Vol-4, Dhaka, 1960, p-169.
[9] Abdul Karim, Ibid, 1959, p. 12.
[10] Maulvi Muhammad Nasir al-Din Haidar, Suhail-i Yaman, or Tarikh-i Jalali, A.H. 1277/1860–61.
[11] Eaton, Richard M. (1993). The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760. Berkeley: University of California Press, p-72.
[12] Eaton, Richard M. (2009). ‘Shrines, Cultivators, and Muslim “Conversion” in Punjab and Bengal, 1300–1700’. The Medieval History Journal 12(2): 191–220.
[13] বিস্তারিত পড়ুন: Anna Suvorova, *Muslim Saints of South Asia: The Eleventh to Fifteenth Centuries, London & New York: RoutledgeCurzon, 2004। Richard M. Eaton, “The Political and Religious Authority of the Shrine of Shah Jalal”, in *India’s Islamic Traditions, 711–1750, edited by Richard M. Eaton, Oxford University Press, 2003। Evidence-Based Account of Hazrat Shah Jalal RA of Sylhet: Resolving the Ibn Battuta, Tabrizi, and Mujarrad Identity Confusion, Academia.edu, 2024/2026.
[14] Dr. Md. Enamul Huq, A History of Sufism in Bengal, Dacca, 1975, p- 220. আ.ন.ম. বজলুর রশীদ, আমাদের সূফী-সাধক, ইসলামিক ফাউণ্ডেশন, ঢাকা, এপ্রিল ১৯৮৪, পৃ-২৪। আবদুল মান্নান তালিব, বাংলাদেশে ইসলাম, অধ্যায়: ইসলাম প্রচারের দ্বিতীয় পর্যায়, ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, ঢাকা, ডিসেম্বর ২০০২, পৃ: ১১৮-১২০। দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী সম্পাদিত, আমাদের সূফীয়ায়ে কেরাম, ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, ঢাকা, ১৯৯৫, ভূমিকা ছয়-সাত এবং ওহিদুল আলম, প্রবন্ধ: বাংলাদেশে ইসলাম (সিলেট), পৃ- ১৫৩। ইসলাম প্রসঙ্গ: ড. মুহম্মদ শহীদুল্লাহ, মওলা ব্রাদার্স, ঢাকা, ১৯৬৩, পৃষ্ঠা ৯০। Social and Cultural History of Bengal (Vol. 1): Muhammad Abdur Rahim, Dhaka, 1959।
[15] Gibb, H. A. R. (trans.) (1929). Ibn Battuta: Travels in Asia and Africa, 1325–1354. London: Routledge & Kegan Paul.
[16] Husain, Mahdi (trans.) (1976). The Rehla of Ibn Battuta. Baroda: Oriental Institute (1st ed. 1953), p- 240.
[17] Ibid.
[18] Sultana, Rubaina (2024). ‘Ibn Batutah’s Visit to Sheikh Jalaluddin Tabrizi’. Library Progress International 44(2): 298–303.
[19] Abdul Karim, Ibid, 1959, p-10-14. & Karim, Abdul (1992). Corpus of the Arabic and Persian Inscriptions of Bengal, Dhaka: Asiatic Society of Bangladesh, pp. 519. ডক্টর গোলাম সাকলায়েন, বাংলাদেশের সূফি-সাধক, ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, ঢাকা, ২০১৯, পৃ-১৫৩।
[20]Abdul Karim, (2012). ‘Shah Jalal (R)’, National Encyclopedia of Bangladesh, Dhaka: Asiatic Society of Bangladesh.
[21] Hasan, Syed Mahmudul (1988). Islamic Heritage of Bangladesh: Tombs and Shrines, Dhaka: Department of Films & Publications, Bangladesh Quarterly, p. 38.
[22] আ.ন.ম. বজলুর রশীদ, আমাদের সূফী-সাধক, ইসলামিক ফাউণ্ডেশন, ঢাকা, এপ্রিল ১৯৮৪, পৃ-২৪। আবদুল মান্নান তালিব, বাংলাদেশে ইসলাম, অধ্যায়: ইসলাম প্রচারের দ্বিতীয় পর্যায়, ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, ঢাকা, ডিসেম্বর ২০০২, পৃ: ১১৮-১২০। সৈয়দ মুর্তজা আলী, প্রাগুক্ত, ১৯৬৫, পৃ-৪।
[23] দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী সম্পাদিত, আমাদের সূফীয়ায়ে কেরাম, ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, ঢাকা, ১৯৯৫, ভূমিকা ছয়-সাত এবং ওহিদুল আলম, প্রবন্ধ: বাংলাদেশে ইসলাম (সিলেট), পৃ- ১৫৩। মুফতি আজহারুদ্দীন সিদ্দিকি, শ্রীহট্টে ইসলাম জ্যোতি, মদন মোহন কলেজ সাহিত্য পরিষদ, সিলেট, ২০০৮, পৃ- ২৮। আলী মাহমুদ খান, প্রাগুক্ত, ১৯৮৪, পৃ-৪।
[24] বিস্তারিত পড়ুন:- দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী সম্পাদিত, প্রাগুক্ত, ১৯৯৫, পৃ- ১৫৩। N. Hanif, Biographical Encyclopaedia of Sufis: South Asia, New Delhi, Sarup & Sons, 2002, p. 459। শ্রীহট্টের ইতিবৃত্ত পূর্বাংশ (দ্বিতীয় ভাগ), দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অধ্যায়, দরবেশ শাহজালাল, অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি, উৎস প্রকাশন, ২০০৪। শামসুল আলম, হযরত শাহ জালাল (রহ.), ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা, ১৯৮৮।
[25] Mufti Azhar Uddin Siddiqui, History of Shah jalal and his khadims, 1914.
[26] Rizvi, S. N. H. (ed.) (1970). East Pakistan District Gazetteers: Sylhet. Dacca: East Pakistan Government Press, pp. 94, 110–111.
[27] অধিকাংশ ঐতিহাসিকদের মত ৩৬০ এর পক্ষে (মুনশি আবদুর রহিম, শ্রীহট্টে নূর, ১৯০৫)। সিলেট ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে ৩৫৫ জন আউলিয়ার তালিকা রয়েছে [Allen, B.C. Sylhet District Gazetteer. Calcutta: Bengal Secretariat Book Depot, 1905 (Reprint 1974)]। ৩১৩ সংখ্যার পক্ষের মত:- শায়খ আলী শেরের রচিত ‘গুলজার-ই-আবরার’, আ.ন.ম. বজলুর রশীদ, প্রাগুক্ত, ১৯৮৪, পৃ- ২৪। সুহাইল-ই-ইয়ামানে ২৫২ জন আউলিয়ার তালিকা রয়েছে। এছাড়া বিস্তারিত পড়ুন:- McMillan, Michael W. Sufism and Saint Veneration in Contemporary Bangladesh. London: Routledge, 2011, p. 16. & Sir Edward Gait, History of Assam, 1904.
[28] Ismail, Muhammad (2010). Hagiology of Sufi Saints and the Spread of Islam in South Asia. Jnanada Prakashan, p. 163.
[29] Ludden, David (2003). ‘The First Boundary of Bangladesh on Sylhet’s Northern Frontiers’. Journal of the Asiatic Society of Bangladesh (Humanities) 48(1).
[30] Dani, Ahmad Hasan & Prasad, Munshi Shyam (1961). Muslim Architecture in Bengal. Dacca: Asiatic Society of Pakistan, pp. 239–240। Rizvi, S. N. H. (ed.), Ibid, 1970, p. 110–111. & Knight, Lisa I. (2014). Contradictory Lives: Baul Women in India and Bangladesh. New York: Oxford University Press, p. 19.
[31] Khandakar, Sabrina (2014). ‘Islamic Tourism: exploring a new form of sacred journey in Bangladesh’. Manarat International University Studies 3(1): 128.
[32] Rizvi, Ibid, 1970: 111
[33] Rizvi, Ibid 1970: 94
[34] Aminuddin, M. (1969). ‘Hazrat Shah Jalal of Sylhet’. The Pakistan Review, vol. 17. Lahore: Ferozsons, p. 41.
[35] Knight, Ibid 2014: 19
[36] Khan, Muhammad Mojlum (2013). The Muslim Heritage of Bengal. Markfield: Kube Publishing, p. 24। Gadgil, Madhav (1985). ‘Social restraints of resource utilization: the Indian experience’. In J. A. McNeely & D. Pitt (eds.), Culture and Conservation: The Human Dimension in Environmental Planning. New York: Croom Helm, p. 143.
[37] Kuehn, Sara (2024). ‘Metamorphosis, Mediation, Mannat: Sufi Spiritual Ecology and Endangered Animals in Bangladesh and Pakistan’. Journal for the Study of Religion, Nature and Culture 18(1): 62–94.
[38] Daily Star (2003). ‘More Gajar Fish Die at Shahjalal’s Shrine’. The Daily Star (Dhaka), 4-5 December 2003.
[39] মুফতি আজহারুদ্দীন সিদ্দিকি, প্রাগুক্ত, ২০০৮, পৃ- ৪১। শ্রীহট্টের ইতিবৃত্ত পূর্বাংশ (দ্বিতীয় ভাগ), দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অধ্যায়, দরবেশ শাহজালাল, অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি, উৎস প্রকাশন, ২০০৪।
[40] Rizvi, Ibid, 1970: 94। & Hasan, Syed Mahmudul, Ibid, 1988, p. 38.
[41] Beale, Thomas William (1894). An Oriental Biographical Dictionary (ed. H. G. Keene). London: W. H. Allen, p. 364.
[42] সৈয়দ মুস্তাফা কামাল, সিলেট বিভাগের ভৌগোলিক ঐতিহাসিক রূপরেখা, পলাশ সেবা ট্রাস্ট, সিলেট, ২০১১, পৃ-৩০.
[43] Dani & Prasad, Ibid, 1961: 239
[44] Gardner, Katy (1993). ‘Mullahs, Migrants, Miracles: Travel and Transformation in Sylhet’. Contributions to Indian Sociology 27(2): 213–235.
[45] Uddin, Sufiya (2006). ‘In the Company of Pirs: Making Vows, Receiving Favors at Bangladeshi Sufi Shrines’. In Selva J. Raj & William P. Harman (eds.), Dealing with Deities: The Ritual Vow in South Asia. Albany: State University of New York Press, pp. 87–105.
[46] Kuehn, Sara (2021). ‘Rock Pigeons and Gozar Fish at Shah Jalal Shrine in Sylhet, Northeastern Bangladesh’. sarakuehn.com
[47] Bhattacharya, Binay (2007). India’s Freedom Movement: Legacy of Bipin Chandra Pal. Bipin Chandra Pal Memorial Trust / Deep & Deep Publications, p. 55.
[48] Husain, Ibid, 1976: 240
[49] Crawford, Ibid, 1858: 168। যা পূর্বে আলোচিত হয়েছে।
[50] Rizvi, Ibid, 1970: 94
[51] Husain, Mahdi (trans.) (1976). The Rehla of Ibn Battuta. Baroda: Oriental Institute (1st ed. 1953). Gibb, H. A. R. (trans.) (1929). Ibn Battuta: Travels in Asia and Africa, 1325–1354. London: Routledge & Kegan Paul.
[52] Hasan, Syed Mahmudul (1970). A Guide to Ancient Monuments of East Pakistan. Dacca: Society for Pakistan Studies, p. 159.
Hasan, Syed Mahmudul (1987). Muslim Monuments of Bangladesh. Dhaka: Islamic Foundation Bangladesh, pp. 246–247.
Hasan, Syed Mahmudul (1988). Islamic Heritage of Bangladesh: Tombs and Shrines. Dhaka: Department of Films & Publications, Bangladesh Quarterly, p. 38.
[53] Crawford, Ibid, 1858: 168
[54] শ্রীহট্টের ইতিবৃত্ত পূর্বাংশ (দ্বিতীয় ভাগ), দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অধ্যায়, দরবেশ শাহজালাল, অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি, উৎস প্রকাশন, ২০০৪।
[55] Samuel, Geoffrey (2012). ‘Islam and the family in Bangladesh and the UK: The background to our study’, pp. 142–156.
[56] H. Blochmann, Geography and History of Bengal। Vol. 42, Asiatic Society, 1873, P. 293.
[57] Inscriptions of Bengal (Volume IV): Shamsud-Din Ahmed, Varendra Research Museum, Rajshahi, 1960, 169-70
[58] H. Blochmann, Ibid, 1873, P. 277-81.
[59] Ahmed, ibid, 109-112
[60] Ibid, 24-25